বৈশাখের শুরুতেই রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি। চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ ও মৃদু তাপপ্রবাহ। বুধবার বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৩৫ শতাংশ হওয়ায় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
কয়েক দিনের বৃষ্টির বিরতির পর হঠাৎ করেই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, রিকশাচালক ও দিনমজুরদের রোদের তীব্রতায় নাভিশ্বাস উঠছে। স্থানীয় আবহাওয়া অফিসের মতে, এই মৃদু তাপপ্রবাহ আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
তীব্র গরমে বোরো ধানের আবাদ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সেচ কার্যে বাড়তি খরচ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় চাষিরা। আবহাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা কমায় গরমের অনুভূতি আরও প্রখর হচ্ছে।
রিপোর্টারের নাম 

























