সিলেট থেকে কক্সবাজারগামী একটি দূরপাল্লার বাস জ্বালানি সংকটে পড়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বাসটি থেমে যায়। এতে বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী চরম বিপাকে পড়েছেন।
যাত্রীদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে রওনা হওয়ার পর থেকেই বাসটি জ্বালানি সমস্যায় ভুগছিল। পথে বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত তেল পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে অতিরিক্ত টাকা দিয়েও সামান্য তেল সংগ্রহ করতে হয়েছে। শেষ পর্যন্ত পর্যাপ্ত জ্বালানি না থাকায় সীতাকুণ্ডে এসে বাসটির ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে যায়। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন।
বাসচালক জানিয়েছেন, গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় জ্বালানির পরিবর্তে সামান্য তেল নিয়ে তারা যাত্রা শুরু করতে বাধ্য হয়েছিলেন। মহাসড়কের অধিকাংশ পাম্পে তেলের সংকট থাকায় তারা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারেননি। বর্তমানে যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে পাঠানোর চেষ্টা চলছে বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























