দেশের ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনতে ‘কৃষক কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে টাঙ্গাইলের পথে যাত্রা করেন।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেবেন। কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় প্রতিটি সুবিধাভোগী কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি নগদ সুবিধা পাবেন।
প্রাথমিক পর্যায়ে দেশের ১১টি কৃষি ব্লকে এই কর্মসূচির পাইলটিং প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর ফলে প্রথম ধাপে মোট ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক সরকারি এই সহায়তার সুফল ভোগ করবেন। কৃষিখাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রকৃত কৃষকদের হাতে সরকারি প্রণোদনা পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 






















