প্রধানমন্ত্রী আগামী ২০ এপ্রিল একদিনের সফরে বগুড়া আসছেন। সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
বেলা ১১টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন। এরপর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। দুপুরের পর প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় কিছু সময় কাটাবেন। বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিরতি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জনপদে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকবেন।
রিপোর্টারের নাম 























