দীর্ঘদিনের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে নারায়ণগঞ্জ নগরীতে আজ সোমবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে। প্রশাসন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের ফুটপাত বর্তমানে হকার ও দখলদারদের দখলে থাকায় পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এর ফলে সড়কে যানবাহন চলাচলেও তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এই অচলাবস্থার অবসান ঘটাতে গত ৫ এপ্রিল অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের সভায় সর্বসম্মতিক্রমে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-১১-এর অধিনায়কসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৩ এপ্রিল থেকে সিটি করপোরেশনের উদ্যোগে বিবি রোডে হকার উচ্ছেদ, অবৈধ দখল উচ্ছেদ এবং অননুমোদিত পার্কিং বন্ধে অভিযান পরিচালনা করা হবে। এই অভিযানে নেতৃত্ব দেবেন সংসদ সদস্য আবুল কালাম এবং সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। একই সাথে, জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
রিপোর্টারের নাম 






















