সৌদি আরবের তাবুক অঞ্চলে এক বিরল মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মুসলিম মুহাম্মদ আল-হুয়াইতি। ১৭ বছর আগে নিজের ছেলেকে হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই সম্পূর্ণ নিঃশর্তভাবে ক্ষমা করে দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সৌদি সংবাদমাধ্যম আখবার ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি এই মানসিক দ্বন্দ্বে ছিলেন, তবে শেষ পর্যন্ত ক্ষমাকেই বেছে নিয়েছেন।
নিহতের ভাই সালিম আল-হুয়াইতি জানান, ঘটনার পর থেকে গোত্রের প্রবীণ ও স্বজনরা বারবার সমঝোতার চেষ্টা করলেও তার বাবা রাজি হননি। তবে সম্প্রতি নিয়মিত ইস্তিখারা করার পর তিনি পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী ক্ষমা করার সিদ্ধান্ত নেন। পবিত্র কোরআনের সূরা আশ-শুরার ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘যে ক্ষমা করে এবং সংশোধন করে, তার প্রতিদান আল্লাহর কাছে।’
এই মহৎ সিদ্ধান্তের পর তাবুক অঞ্চলের গভর্নর প্রিন্স ফাহদ বিন সুলতান বিন আবদুল আজিজ গভর্নর হাউসে মুসলিম মুহাম্মদ আল-হুয়াইতি ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ব্যক্তিগত প্রতিশোধের ঊর্ধ্বে উঠে ক্ষমা করার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন গভর্নর। সৌদি আরবে এই ঘটনাটি ক্ষমা ও উদারতার এক অনন্য উদাহরণ হিসেবে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।


























