বলিউড সুপারস্টার সালমান খান নিজের চেয়ে অনেক ছোট অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাছে ক্ষমা চেয়েছেন। বিষয়টি নিয়ে বিনোদন পাড়ায় বেশ আলোচনা হচ্ছে। মূলত একই দিনে দুই তারকার সিনেমা মুক্তি পাওয়াকে কেন্দ্র করেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আগামী ৪ ডিসেম্বর শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘ইথা’ মুক্তি পাবে। একই দিনে সালমানের সিনেমা ‘মাতৃভূমি’ মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। সালমানের সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে বেশ দেরিতে। বিষয়টি জানতে পেরে সালমান সরাসরি শ্রদ্ধাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন।
সালমান খান বলেন, “যখন আমরা ৪ ডিসেম্বর তারিখটি ঘোষণা করেছিলাম, তখন আমি জানতাম না যে শ্রদ্ধার ছবিও একই দিনে আসছে। আমি আগে জানলে কখনোই এমনটা করতাম না। আমি ওকে ফোন করে বলেছি, আমি সত্যিই খুব দুঃখিত।”
সালমান আরও জানান, শ্রদ্ধাও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন। অভিনেতা দর্শকদের অনুরোধ করেছেন যেন তারা দুই সিনেমারই আনন্দ উপভোগ করেন। উল্লেখ্য, সালমানের ‘মাতৃভূমি’ সিনেমাটি দীর্ঘদিন ভারতের ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে আটকে থাকার পর অবশেষে মুক্তির আলো দেখছে। অন্যদিকে, শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ সিনেমাটি প্রখ্যাত মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবনের ওপর নির্মিত হয়েছে।


























