অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে প্রতিবছরের মতো এবারও ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া বনের ভেতর থেকে দল বেঁধে সাগরের দিকে যাত্রা শুরু করেছে। বর্ষা মৌসুমের শুরুতে প্রজননের উদ্দেশ্যে কাঁকড়াগুলোর এই দীর্ঘ যাত্রা দ্বীপের সড়ক ও সেতুগুলোকে যেন লাল গালিচায় ঢেকে দিয়েছে।
অস্ট্রেলিয়ান পার্কস কর্তৃপক্ষের তথ্যমতে, চাঁদের অবস্থান ও জোয়ার-ভাটার ওপর ভিত্তি করে কাঁকড়াগুলো এই যাত্রা শুরু করে। তাদের মূল লক্ষ্য হলো সমুদ্রের পানিতে ডিম ছাড়া। ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস জানান, দীর্ঘদিনের সংরক্ষণ কার্যক্রম এবং কাঁকড়ার শত্রু হিসেবে পরিচিত ‘ইয়েলো ক্রেজি অ্যান্ট’ বা হলুদ পাগল পিঁপড়া নিয়ন্ত্রণের ফলে বর্তমানে কাঁকড়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
এক সময় পিঁপড়ার উপদ্রবে কাঁকড়ার আবাসস্থল হুমকির মুখে পড়লেও বর্তমান পরিবেশবান্ধব উদ্যোগে দ্বীপে কাঁকড়ার সংখ্যা ৫ কোটি থেকে বেড়ে ১০ কোটিতে দাঁড়িয়েছে। লাল কাঁকড়ার এই বিশাল বহর দ্বীপের বনভূমির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা পর্যটকদের জন্য এক অনন্য দর্শনীয় বিষয়ে পরিণত হয়েছে।


























