বিচারিক কার্যক্রমে তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগ থাকলেও রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে এর ওপর নির্ভর করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, রায়ের অপারেটিভ অংশ সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে এবং নিজস্ব বিচারিক বিবেচনা প্রয়োগ করে লিখতে হবে।
শনিবার সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিচারিক কর্মকর্তারা অংশ নেন।
প্রধান বিচারপতি বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনা, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিচারিক কার্যক্রম কার্যকর করতে সময়ের যথাযথ ব্যবহার এবং পরিকল্পিতভাবে মামলা পরিচালনা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও জানান, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধনের কাজ সম্পন্ন হলে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিচারকদের পেশাগত দক্ষতা উন্নয়নে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

























