কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন অপসারণের লক্ষ্যে বড় ধরনের অভিযান শুরু করেছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার—ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি বর্তমানে আরব উপসাগরে এই মাইন পরিষ্কারের কাজ পরিচালনা করছে।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং সমুদ্রপথকে সম্পূর্ণ নিরাপদ করা। তিনি বলেন, একটি নিরাপদ রুট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে যা শিগগিরই উন্মুক্ত করা হবে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের পেতে রাখা মাইনগুলো অপসারণ করাই এই মিশনের প্রধান উদ্দেশ্য।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, বৈশ্বিক বাণিজ্যের স্বার্থে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পরিষ্কারের এই উদ্যোগ নিয়েছে। তবে মাইন অপসারণ চললেও ওই অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। এই অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 
























