চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মস্তিষ্কে রক্তক্ষরণে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম জীবক চাকমা। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডার হোস্টেলে থাকতেন এবং তার বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলায়।
সহপাঠী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে হোস্টেলে পড়ার টেবিলে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জীবক। দ্রুত তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব চৌধুরী জানান, ওই শিক্ষার্থীকে যখন হাসপাতালে আনা হয় তখন তিনি সম্পূর্ণ অচেতন ছিলেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























