কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ অতিক্রম করার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছিল যে, তাদের দুটি নৌযান ওই এলাকা দিয়ে সফলভাবে চলাচল করেছে।
সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন’ ও ‘ইউএসএস মাইকেল মারফি’ নামের দুটি যুদ্ধজাহাজ আরব সাগরে তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ওই প্রণালি পার হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল সামুদ্রিক মাইনের ঝুঁকি কমিয়ে ওই অঞ্চলে নৌ-নিরাপত্তা নিশ্চিত করা।
তবে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই দাবি কঠোরভাবে নাকচ করা হয়েছে। দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানান, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজের গতিবিধি নিয়ে করা দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও উল্লেখ করেন যে, ওই অঞ্চলে যে কোনো জাহাজের যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে।
রিপোর্টারের নাম 





















