ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। তবে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, ‘সহিংস দাঙ্গা’ চলাকালে একজন সেনাসদস্য গুলি চালিয়েছিল।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত যুবকের নাম আলি মাজেদ হামাদনে (২৩)। রামাল্লাহর উত্তর-পূর্বে দেইর জারির গ্রামে অভিযানের সময় বসতি স্থাপনকারীরা গুলি চালালে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করার পর তিনি মারা যান। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাও এই ঘটনা নিশ্চিত করে জানিয়েছে যে, ইসরাইলি বাহিনীর সুরক্ষায় সশস্ত্র বসতি স্থাপনকারীরা গ্রামের পশ্চিম দিক দিয়ে প্রবেশ করে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।
ইসরাইলি সেনাবাহিনী শনিবার রাতে দেইর জারিরে এক ফিলিস্তিনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তাদের ভাষ্যমতে, এলাকায় ইসরাইলি বেসামরিক লোকদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের খবর পেয়ে সেনারা সেখানে যায়। সেনারা পৌঁছালে পরিস্থিতি সহিংস দাঙ্গায় রূপ নেয় এবং তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। একজন রিজার্ভ সেনা প্রথমে আকাশে সতর্কতামূলক গুলি ছোড়ে এবং পরে ‘এক হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়’। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। বছরের পর বছর ধরেই ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 























