আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি বিনোদন কেন্দ্রে বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার প্রদেশের এনজিল জেলার দেহ মেহরি গ্রামের কাছে একটি পিকনিক স্পটে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তি জনাকীর্ণ ওই পিকনিক স্পটে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীরা স্থানীয় একটি মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। নিহতদের অধিকাংশই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের বলে ধারণা করা হচ্ছে, যারা এর আগেও দেশটিতে একাধিকবার হামলার শিকার হয়েছেন।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করেনি। তালেবান সরকারের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি জানান, বিকেল ৩টার দিকে এই হামলা চালানো হয়। বর্তমানে এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
রিপোর্টারের নাম 























