সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২৪ জন এবং বাকি ১৪৫ জনের মৃত্যু হয়েছে সন্দেহভাজন হিসেবে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, গত ২৮ দিনে দেশে ১৮ হাজার ৮৭৪ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৮৯ জনের শরীরে নিশ্চিতভাবে হামের জীবাণু পাওয়া গেছে এবং বাকি ১৪ হাজার ৩৮৫ জন শিশু সন্দেহভাজন রোগী হিসেবে চিকিৎসাধীন। আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ঢাকা ও রাজশাহী বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় সেখানে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























