তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানের পরিবর্তনশীল বিশ্বে হিসাববিজ্ঞানীদের ভূমিকা কেবল আর্থিক হিসাব মেলানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। আধুনিক করপোরেট ও রাষ্ট্রীয় কাঠামোতে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা এখন অপরিহার্য অংশ হয়ে উঠেছেন। তাই নিজেদের শুধু গতানুগতিক হিসাবরক্ষক হিসেবে না দেখে দক্ষ কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে তুলতে হবে।
রাজধানীর একটি অভিজাত হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ২২তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে প্রযুক্তিগত জ্ঞান ছাড়া টিকে থাকা অসম্ভব। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেম সম্পর্কে হিসাববিজ্ঞানীদের গভীর ধারণা থাকতে হবে।
নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী আরও বলেন, দেশ ও জাতির সমৃদ্ধিতে তাদের মেধা ও সততা বড় ভূমিকা রাখবে। চ্যালেঞ্জিং এই পেশায় সফল হতে হলে প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ প্রফেসর ড. সলিমুল্লাহ খান এবং সভাপতিত্ব করেন আইসিএবির প্রেসিডেন্ট এন কে এ মবিন।
রিপোর্টারের নাম 





















