লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারানো বাংলাদেশি নারী দীপালি খাতুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে নিজ বাসভবনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে নিয়মিত ফ্লাইট চলাচল স্বাভাবিক নেই, যা মরদেহ স্থানান্তরে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে বৈরুতে অবস্থিত বাংলাদেশ মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। পরিস্থিতি অনুকূলে এলেই দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে আনা হবে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে শামা ওবায়েদ আরও জানান, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইছেন, তাদের জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু প্রবাসীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। উল্লেখ্য, চলমান এই সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত নারীসহ আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে জানান তিনি।
রিপোর্টারের নাম 
























