সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৭ জন। সরকারি তথ্য অনুযায়ী, গত এক মাসে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪৪ শিশুর, যার মধ্যে অন্তত ২৩ জনের শরীরে সরাসরি হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮টি জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে। ১২ এপ্রিল থেকে দেশের প্রধান সিটি কর্পোরেশনগুলোতে এবং ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই কার্যক্রম চলবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকার কার্যকারিতা শুরু হতে ১৫ দিন থেকে এক মাস সময় লাগে। তাই টিকাদান সফল হলে আগামী এক মাসের মধ্যে আক্রান্তের হার কমতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, আগে টিকা নেওয়া থাকলেও নির্দিষ্ট বয়সের শিশুদের এই বিশেষ ক্যাম্পেইনে পুনরায় টিকা দেওয়া উচিত। তবে অসুস্থ বা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংক্রমণ প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজের ওপরও গুরুত্বারোপ করেছেন চিকিৎসকরা।
রিপোর্টারের নাম 
























