যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিতে একটি বিশেষ প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে তার এই সফর ছাপিয়ে আলোচনায় এসেছে বিমানে তোলা একটি বিশেষ ছবি। ছবিতে দেখা গেছে, বিমানের বেশ কিছু ফাঁকা আসনে মিনাব প্রাথমিক স্কুলে হামলায় নিহত শিশুদের ছবি এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মিনাব স্কুলে মার্কিন-ইসরায়েলি জোটের হামলায় অন্তত ১৬৫ জন শিক্ষার্থী ও কর্মী নিহত হন। সেই ট্র্যাজেডিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই স্পিকার গালিবাফ এই অভিনব পদক্ষেপ নিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবিটি শেয়ার করে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ছবিটির ক্যাপশনে তিনি নিহতদের তার সফরের সঙ্গী হিসেবে অভিহিত করেছেন।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের ভয়াবহতা এবং নিরপরাধ শিশুদের প্রাণের বিনিময়ে অর্জিত কূটনৈতিক পরিস্থিতির গুরুত্ব বোঝাতে এটি তেহরানের একটি শক্তিশালী বার্তা। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং যুদ্ধবিরতির আলোচনার প্রেক্ষাপটে গালিবাফের এই প্রতীকী প্রতিবাদ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 
























