পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন বাবু (৩৭) উপজেলার মন্ডতোষ গ্রামের বাসিন্দা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামক একটি সংগঠনের অনলাইন জুম মিটিংয়ে অংশ নিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ঢাকার রমনা থানায় সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হকের দায়ের করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৭৩ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় সুমন বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আযম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 




















