ইরানে নতুন করে অত্যাধুনিক বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বেইজিং এই সমরাস্ত্রের চালান তেহরানের কাছে হস্তান্তর করতে পারে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পর্যালোচনায় দেখা গেছে, ইরান তাদের বিদেশি মিত্রদের সহায়তায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর সুযোগ খুঁজছে। বিশেষ করে বর্তমান যুদ্ধবিরতির সময়টিকে তারা সমরাস্ত্র পুনর্স্থাপনের কাজে ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা সূত্রগুলো আরও দাবি করেছে যে, চীন সরাসরি নয় বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই অস্ত্রের চালান পাঠানোর পরিকল্পনা করছে যাতে মূল উৎস গোপন থাকে।
বেইজিং যে অস্ত্রগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তার মধ্যে রয়েছে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ‘ম্যানপ্যাড’। এগুলো নিচু দিয়ে উড়ে আসা যুদ্ধবিমানের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হয়। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, চীন কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি এবং মার্কিন এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রোণোদিত। চীন সবসময় দায়িত্বশীল দেশ হিসেবে আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন করে আসছে বলে তারা দাবি করে।
রিপোর্টারের নাম 
























