অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে এবং বর্তমান সরকার সেই চেতনারই বহিঃপ্রকাশ। শুক্রবার (১০ এপ্রিল) ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের যে প্রত্যাশা করেছিল, বর্তমান সরকারের অঙ্গীকার সেই প্রত্যাশা পূরণে অত্যন্ত সুস্পষ্ট। সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং এরই মধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে।
শহিদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করেছে এবং সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে আপিলের সুযোগ রয়েছে। সরকার বা আসামিপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে। তিনি সংক্ষুব্ধ পক্ষকে মিডিয়ায় প্রতিক্রিয়া জানানোর চেয়ে আদালতের আশ্রয় নেওয়ার এবং সেখানেই তাদের বক্তব্য তুলে ধরার পরামর্শ দেন।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে আইনমন্ত্রী জাতীয় সংসদে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থানের ওপর পূর্ণ আস্থা রাখার কথা বলেন। তিনি আরও বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে হাইকোর্টের একটি রায় থাকলেও তা চূড়ান্ত নয় এবং সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি হবে।
কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলম, জেলা বিএনপির সহসভাপতি আবু বকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















