বগুড়া ও শেরপুরে অনুষ্ঠিত উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল এবং নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন যে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
পরওয়ার বলেন, বৃহস্পতিবারের নির্বাচনে আওয়ামী দুঃশাসন এমনকি বিএনপির আমলের মাগুরার নির্বাচনকেও ছাড়িয়ে গেছে। তিনি অবিলম্বে বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল করে নতুন করে তফসিল ঘোষণার দাবি জানান। একই সঙ্গে, জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নানসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রিপোর্টারের নাম 



















