বাগেরহাটের মোল্লাহাটে নির্মাণাধীন একটি বাড়ির মূল্যবান মালামাল চুরির ঘটনায় পুলিশ আরাফাত শিকদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গত বুধবার উপজেলার গাড়ফা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত আরাফাত শিকদার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মৃত শিকদার বাদশা মিয়ার ছেলে।
এর আগে গত ২ এপ্রিল নির্মাণাধীন বাড়িতে চুরির ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলায় চারজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন— আরাফাত শিকদার, নাদিম মোল্লা ওরফে রাকিব মোল্লা এবং সালাউদ্দিন মোল্লা।
মামলার নথি অনুসারে, গাড়ফা গ্রামের সাজিদ রায়হানের বাড়িতে নির্মাণ কাজ চলছিল। গত ২৪ মার্চ রাতে দুর্বৃত্তরা নির্মাণাধীন বাড়ি থেকে বৈদ্যুতিক তার, বাথরুম ও টয়লেটের প্লাস্টিকের পাইপ, জিআই ফিটিংস, পিভিসি দরজা, প্লাস্টিকের দরজা, বৈদ্যুতিক মোটরচালিত পাম্প, সিঁড়ি তৈরির রড, সেনিটারি পাইপ এবং বাথরুমের দরজা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গত ২ এপ্রিল সাজিদ রায়হান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোল্লাহাট থানার উপপরিদর্শক আল আমিন খান জানিয়েছেন, এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মামলায় অন্য অভিযুক্তদের গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























