তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শেখ সাদী এবার অভিনয়ে নাম লেখালেন। একের পর এক মৌলিক গান উপহার দিয়ে শ্রোতাদের মন জয় করা এই শিল্পী সম্প্রতি ‘শহরের নতুন অতিথি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। এটি তার প্রথম নাটক, যেখানে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির সঙ্গে। গৌতম কৈরী পরিচালিত এই নাটকটি সম্প্রতি ‘বিগ সিটি ড্রামা’ প্ল্যাটফর্মে উন্মুক্ত হয়েছে।
নাটকে শেখ সাদী ‘হিমেল’ চরিত্রে এবং সামিরা খান মাহি ‘মাহিরা’ চরিত্রে অভিনয় করেছেন। নিজের প্রথম অভিনয় অভিজ্ঞতা প্রসঙ্গে শেখ সাদী বলেন, “প্রথম নাটক হওয়ায় শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। তবে শুটিংয়ের সময় আমার সহশিল্পী মাহি এবং পরিচালক যেভাবে সহযোগিতা করেছেন, তাতে মনে হয়েছে আমি ঠিকঠাক অভিনয় করতে পারবো। দীর্ঘদিন ধরে অভিনয়ের ইচ্ছা ছিল, অবশেষে এই গল্পের মাধ্যমে তা পূরণ হলো, যা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। মাহির সঙ্গে আগে থেকেই পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় আমার জড়তা অনেকটাই কম ছিল।”
সহশিল্পী সামিরা খান মাহি শেখ সাদীর অভিনয় দক্ষতার প্রশংসা করে বলেন, “সাদীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ক্যামেরার সামনে প্রথম হলেও ও খুব ভালো অভিনয় করেছে, সংলাপও চমৎকারভাবে মনে রেখেছিল। আমি সাদীকে বিশেষ দিবসে নাটকে অভিনয় করার পরামর্শ দিয়েছি। নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী।”
এদিকে, মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে তার বড় বোন মিলির কাছে অবস্থান করছেন। আগামী ১২ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরেই তিনি নিলয় আলমগীর ও মুশফিক ফারহানসহ বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে নাটকের কাজ শুরু করবেন বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























