সিলেটের ওসমানীনগরে একটি বালিকা বিদ্যালয়ের পাশে খোলা জায়গায় ময়লা ফেলে পরিবেশ দূষণের দায়ে দুই হোটেল মালিককে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার নেতৃত্বে জয়বুননেছা গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে ‘রাজধানী’ হোটেলের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এক সপ্তাহের মধ্যে নিজস্ব ড্রেন নির্মাণ ও বর্জ্য অপসারণের লিখিত প্রতিশ্রুতি দেওয়ায় তার কারাদণ্ড মওকুফ করা হয়েছে। এছাড়া ‘গ্রাম বাংলা’ হোটেলের মালিককে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে বর্জ্য ফেলার ফলে শিক্ষার্থীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ক্লাস করছিল। এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























