প্রবাসী অধ্যুষিত সিলেটে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রবাসীদের বাড়িতে নিরাপত্তা দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সম্প্রতি ওসমানীনগর উপজেলা সফরকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অনেক প্রবাসী তাদের বাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে থাকেন। তাদের এই দুশ্চিন্তা লাঘব এবং হয়রানি কমাতে আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সফরকালে জেলা প্রশাসক সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন। তিনি জানান, জমি অধিগ্রহণের কাজ দ্রুতগতিতে চলছে এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের পাওনা অর্থ সংগ্রহ করতে পারবেন। প্রবাসীদের এই নতুন নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়িত হলে সিলেটে প্রবাসীদের বিনিয়োগ ও অবস্থান আরও নিরাপদ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 

























