সিলেটে শব্দদূষণ রোধে এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ১১ জন চালক ও যানবাহনের মালিককে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকায় র্যাব-৯ এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেখা যায়, বেশ কিছু যানবাহনে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করে অতিরিক্ত শব্দ উৎপন্নকারী হর্ন ব্যবহার করা হচ্ছিল। এছাড়া পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
র্যাব জানিয়েছে, জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযানের সময় জব্দ করা নিষিদ্ধ হর্নগুলো ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 

























