জয়পুরহাটে দীর্ঘ ১৯ বছর আগে সংঘটিত একটি হত্যা মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তসরুজ্জামান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের সুজাউল ইসলাম, ছালামত মোল্লা ও মোফাজ্জল হোসেন সরকার। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩১ জুলাই রাতে কালাই উপজেলার মরিয়ম বেওয়াকে তার সতিনের ছেলে সুজাউলসহ সহযোগীরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে মাঠের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। পরের দিন পুকুর থেকে লাশ উদ্ধার করা হলে নিহতের বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় প্রদান করেন।
রিপোর্টারের নাম 
























