‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী। সোমবার বিকেলে ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এই জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানকে সামনে রেখে চলতি বছরের গত ২ মে মাসে শুরু হয়েছিল ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা। আসরের মূল প্রতিপাদ্য ছিল—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’
অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের অভিবাদনের জবাব দেন। এ সময় প্রধানমন্ত্রী খুদে ক্রীড়াবিদদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন ও তাদের সঙ্গে হাত মেলান, যা শিক্ষার্থীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস তৈরি করে।
প্রধানমন্ত্রী খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া স্কুলশিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন সরকারপ্রধান।
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়। এরপর দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তী সময়ে প্রতিভা বাছাই শেষে জাতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রিপোর্টারের নাম 





















