জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধ এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে বিশেষ অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে ভোজ্য ও জ্বালানি তেলসহ খাদ্যদ্রব্যের অবৈধ মজুতের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌ-পরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ অংশগ্রহণে এই অভিযান পরিচালিত হচ্ছে। মূলত বৈশ্বিক জ্বালানি সংকটকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, তা নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। বন্দরের নির্দেশনা অনুযায়ী, কোনো লাইটার বা কোস্টার জাহাজকে পণ্যবাহী অবস্থায় ৭২ ঘণ্টার বেশি নোঙর এলাকায় অবস্থান করতে দেওয়া হচ্ছে না।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দর ও বহিঃনোঙ্গর এলাকায় সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যারা আইন অমান্য করে পণ্য মজুত করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এবং নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরালো করা হবে বলেও জানানো হয়।
রিপোর্টারের নাম 

























