দক্ষিণি মেগাস্টার আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য এক অবিশ্বাস্য উপহার নিয়ে এলেন জনপ্রিয় নির্মাতা অ্যাটলি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে আনা হয়েছে আল্লু অর্জুনের ২২তম এবং অ্যাটলির ৬ষ্ঠ সিনেমার আনুষ্ঠানিক নাম—‘রাকা’ (RAKA)। সিনেমাটির ঘোষণা দিয়ে মোট ৯টি ভাষায় ৯টি পোস্টার প্রকাশ করা হয়েছে, যার মধ্যে বাংলাও অন্তর্ভুক্ত। প্রকাশিত পোস্টারে আল্লু অর্জুনের ‘ওয়্যারউলফ’ বা মানুষ-নেকড়ে সদৃশ রহস্যময় ও ভয়ংকর রূপ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। তীক্ষ্ণ দৃষ্টি আর পশুর থাবার আড়ালে লুকানো আংশিক মুখভঙ্গি ইঙ্গিত দিচ্ছে যে, বড় পর্দায় এক বিধ্বংসী চরিত্রে ধরা দিতে যাচ্ছেন এই আইকন স্টার।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘রাকা’ হতে যাচ্ছে ভারতের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা, যার সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৭০০ থেকে ৮০০ কোটি রুপি। এই অ্যাকশনধর্মী সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজিতে হলিউডের শীর্ষস্থানীয় ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা অ্যাটলি। দুই পর্বের এই মেগা প্রজেক্টে আল্লু অর্জুনকে একাধিক ভিন্ন চরিত্রে দেখা যেতে পারে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে দীপিকা পাড়ুকোনের নাম শোনা যাচ্ছে। এছাড়া রশমিকা মান্দান্না, ম্রুণাল ঠাকুর, জাহ্নবী কাপুর এবং একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে টাইগার শ্রফের উপস্থিতির জোরালো গুঞ্জন রয়েছে।
অ্যাটলি তাঁর এই স্বপ্নের প্রজেক্ট নিয়ে অত্যন্ত আশাবাদী এবং দর্শকদের একটি আন্তর্জাতিক মানের সিনেমা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লু অর্জুনের ক্যারিয়ারের অন্যতম বড় এই প্রজেক্টটি বড় পর্দায় দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ২০২৭ সাল পর্যন্ত। জন্মদিনের এই বিশাল ঘোষণা ভক্তদের মধ্যে দারুণ কৌতূহল ও উন্মাদনা সৃষ্টি করেছে, যা ‘রাকা’কে এখনই বছরের অন্যতম আলোচিত সিনেমার তালিকায় নিয়ে এসেছে।
রিপোর্টারের নাম 

























