তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথম সপ্তাহে তুলনামূলক কম শো পেলেও, দর্শকদের আগ্রহের মুখে দ্বিতীয় সপ্তাহে একাধিক প্রেক্ষাগৃহে সর্বোচ্চ শো নিয়ে প্রদর্শিত হচ্ছে এই তারকাবহুল সিনেমাটি।
মুক্তির মাত্র ১১ দিনের মাথায় ৩ কোটি টাকার ক্লাবে প্রবেশ করে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি। পরিচালক নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা, ব্লকবাস্টার সিনেমাস থেকে ৪২ লাখ ৩৩ হাজার টাকা, লায়ন সিনেমাস থেকে ১২ লাখ ২৯ হাজার টাকা এবং কে-স্ক্রিন থেকে আয় ৫ লাখ ৫৮ হাজার টাকা।
পরিচালক তানিম নূর দর্শকদের এই অভূতপূর্ব সাড়া পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি তা সত্যিই অভাবনীয়। দর্শকরা বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে দলবেঁধে সিনেমাটি দেখতে আসছেন। এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।’
বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’-এর চাহিদা তুঙ্গে। দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২৮টি শো চলছে, যা বৃহস্পতিবার বেড়ে ৩৩টিতে পৌঁছেছে। লায়ন সিনেমাসে ২টি এবং ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শোতে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। তবে, দর্শকদের একটি অংশ টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন এবং শোর সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন।
দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাফল্যের পর ‘বনলতা এক্সপ্রেস’ এবার আন্তর্জাতিক বাজারেও দাপট দেখাচ্ছে। উত্তর আমেরিকা ও ইউরোপের তিন দেশ—কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেখানো হচ্ছে সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এই তথ্য নিশ্চিত করেছে। মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩৮টি, কানাডার ১০টি এবং যুক্তরাজ্যের ৪টি সিনেমা হলে প্রদর্শিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। নিউইয়র্ক, ডালাস, টরন্টো, ভ্যানকুভার ও লন্ডনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রবাসী দর্শকরাও সিনেমাটি উপভোগ করছেন।
রিপোর্টারের নাম 

























