আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে তিনি অচেতন রয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানানো হয় যে, এই অবস্থায় তিনি কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের যৌথ মূল্যায়নের ভিত্তিতে তৈরি একটি নথি উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। এই নথিতেই প্রথমবার মোজতবা খামেনির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এসেছে। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার বাবা, সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছিলেন। গোয়েন্দা প্রতিবেদনে তার দাফনের প্রস্তুতির কথাও বলা হয়েছে, যদিও মৃত্যুর এক মাসের বেশি সময় পরও তা সম্পন্ন হয়নি।
এদিকে, সংঘাত নিরসনে ইরান কর্তৃক প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র সাড়া দেয়নি। তেহরান স্থায়ীভাবে সংঘাত বন্ধ, হরমুজ প্রণালীতে টোল আদায়, দেশ পুনর্গঠন এবং লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের মতো শর্তাবলী পেশ করেছে।
রিপোর্টারের নাম 





















