রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় গুলিতে ট্রাক চালক সুজন নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (সিটিটিসি)।
তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদেরের নির্দেশে শিক্ষার্থীদের নিধনের ঘোষণা এসেছিল এবং এটি বাস্তবায়ন করেছিলেন তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার ও সলিমউল্লাহ সলু। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এই মামলায় পরবর্তী শুনানির দিন আগামী ৮ এপ্রিল ধার্য করা হয়েছে।
গত ১১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের ইন্সপেক্টর শংকর কুমার ঘোষ এই অভিযোগপত্র জমা দেন। তবে, এজাহারনামীয় ৪৭ জন আসামিসহ অজ্ঞাতনামা আরও ৪৫০-৫০০ জনের প্রকৃত নাম-ঠিকানা সংগ্রহ করতে না পারায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।
অভিযোগপত্রের উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার এবং সলিমউল্লাহ সলু।
মামলা থেকে অব্যাহতি পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন মাহবুবুল আলম, আলম হোসেন, আরিফ, ফাহিম খান, রিয়াজ মাহমুদ, নজরুল ইসলাম, পীযূষ বাবু, মাসুদ ওরফে কালা মাসুদ, দেলোয়ার এবং বশির মোল্লা।
চার্জশিটে শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা শংকর কুমার অভিযোগ করেন যে, ২০২৪ সালের ৫ জুন পরবর্তী সরকারি চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে কোটা আরোপ নিয়ে বৈষম্যের প্রতিবাদে দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু হয়। এই আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৪ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ সম্বোধন করলে শিক্ষার্থীরা এর প্রতিবাদে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেয়। শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করার জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিছুল হক, সাদেক খান, মোহাম্মদ এ আরাফাতের নির্দেশ ছিল।
রিপোর্টারের নাম 
























