বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। যদিও আগামী ৯ এপ্রিল প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের আগেই তা জমা দেওয়া হয়েছে। আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদন গ্রহণের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাভারে বিকেএসপি পরিদর্শনে যান এবং সেখানে তিনি জানান যে, এই প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর কাছে পাঠানো হবে।
তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর বোর্ড ভেঙে দেওয়া হবে—এমন গুঞ্জন ক্রিকেটপাড়ায় শোনা গেলেও, আপাতত তেমন কিছু হচ্ছে না। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এখনই কোনো ব্যবস্থা নেবে না এনএসসি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা এখন তদন্ত প্রতিবেদন আইসিসিকে অবগত করার পরে আমাদের সিদ্ধান্ত জানাব।’
এদিকে, এই তদন্ত প্রতিবেদন জমা হওয়ার দিনে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, ভয়ভীতি দেখিয়ে বিসিবি থেকে পরিচালকদের পদত্যাগ করাচ্ছেন আমিনুল হক। এ ব্যাপারে জানতে চাইলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’
রিপোর্টারের নাম 






















