সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর রেখে সংসদে একটি বিল পাস হয়েছে। রোববার জাতীয় সংসদে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন–ফাইন্যানসিয়াল করপোরেশন স্ব–শাসিত সংস্থা সমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল–২০২৬’ উত্থাপন করা হলে তা কণ্ঠভোটে পাস হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি এবং বিষয়টির প্রয়োজনীয়তা অনুধাবন করে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থা সমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’ জারির মাধ্যমে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে ৩২ বছর করা হয়েছিল।
তবে, বিদ্যমান কিছু নিয়োগবিধিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩, ৩৫, ৪০ ও ৪৫ বছর হিসেবে নির্ধারিত ছিল। উক্ত অধ্যাদেশ জারির ফলে সকল ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা হ্রাস পেয়ে ৩২ বছর নির্ধারিত হওয়ায় এ সকল নিয়োগে জটিলতা তৈরি হয়েছিল। এই জটিলতা নিরসনের জন্য অধ্যাদেশটি অধিকতর সংশোধনপূর্বক ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থা সমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ করা হয়।
প্রতিমন্ত্রী আরও জানান, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর রেখে সার্কুলার জারি করে নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে। তাই অধ্যাদেশটি আইনে পরিণত করা আবশ্যক। এই আইন অনুযায়ী, বিসিএসের সকল ক্যাডার এবং ক্যাডারবহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এছাড়া, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন–ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব–শাসিত সংস্থাগুলোর চাকরির যেসব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও বয়সসীমা ৩২ বছর হবে।
রিপোর্টারের নাম 



















