নোয়াখালীর হাতিয়া সফরকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল এলাকার সকল মত ও পথের মানুষের প্রতি সমান দৃষ্টি রাখেন এবং তাদের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, কারো আমন্ত্রণে নয়, বরং নিজের দায়িত্ববোধ থেকে তিনি এই সফর করেছেন।
শনিবার বেলা ১১টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকা সরেজমিন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি সেখানে ফেরিঘাট ও নদীপথের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গম ও উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যার অংশ হিসেবে হাতিয়ার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও সহজ করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা স্ব-উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজীব আহসান জানান, হাতিয়ার দুই পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করা হবে। এছাড়াও, আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা যাত্রী ও যানবাহন পারাপার সহজ করবে এবং দীর্ঘ লাইনের সমস্যা কমাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং এলাকার শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























