অটিজমসম্পন্ন ব্যক্তিদের অধিকার সুরক্ষা, মর্যাদা নিশ্চিতকরণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীতে ‘অটিজম ও মানবতা: সমান মর্যাদার বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইনোভেশনস ইন টেকনোলজি অ্যান্ড হেলথ (ফেইথ বাংলাদেশ) এই আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তারিকুল আলম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর চেয়ারম্যান মিসেস মুশায়লা করিম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান। ফেইথ বাংলাদেশের চেয়ারম্যান ডা. আফতাব উদ্দিনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন যে, অটিজম কেবল একটি স্বাস্থ্যগত বিষয় নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যু। বিশ্বব্যাপী গবেষণার তথ্য তুলে ধরে তারা জানান, অটিজমসম্পন্ন শিশুদের অভিভাবকরা অন্যদের তুলনায় অধিক মানসিক চাপের সম্মুখীন হন, এবং বাংলাদেশেও এই চিত্র বিদ্যমান।
আলোচনায় আরও উঠে আসে যে, সামাজিক কুসংস্কার, বৈষম্য এবং সচেতনতার অভাবে অটিজম আক্রান্ত পরিবারগুলো প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কার্যকর নীতিনির্ধারণী পদক্ষেপের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
গোলটেবিল আলোচনায় অরবিস ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি ডিরেক্টর ডা. মুনিম আহমেদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা অংশ নেন। ফেইথ বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর নিলুফার আহমেদ করিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ফেইথ বাংলাদেশ অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং তাদের পরিচালিত ‘ব্রাইটার লাইফ স্কুল’ এই শিশুদের মানসম্মত শিক্ষা ও সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্টারের নাম 
























