ইরানের মাহশাহর শহরের একটি কৃষি সেচ পাম্প স্টেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিরাপত্তা কর্মী নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাটি অত্যন্ত পরিকল্পিতভাবে ভোরে চালানো হয়।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি সরাসরি পাম্প স্টেশনে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই নিরাপত্তায় নিয়োজিত এক ব্যক্তি প্রাণ হারান। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
একই সময়ে পারস্য উপসাগরের উপকূলীয় শহর বন্দর আব্বাস এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেশম দ্বীপেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানিয়েছেন, অন্তত ১১টি ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু দ্বীপে আঘাত হেনেছে। তবে সেখানে শুধুমাত্র সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। মূলত ইরান উপকূলে পূর্ববর্তী মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর এই উত্তেজনা নতুন মাত্রা পেল।
রিপোর্টারের নাম 




















