নোয়াখালীর সুবর্ণচরে একটি বসতবাড়ির ছাদের পানির ট্যাংকি থেকে ৭৫০ লিটার ডিজেল অবৈধভাবে মজুত অবস্থায় জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান এই অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকি ব্যবহার করে গোপনে এই জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জব্দকৃত ৭৫০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে চর হাসান ভূইয়ার হাটবাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে নিলামে বিক্রি করা হয়েছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এছাড়াও, পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























