মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সম্পর্কের বিষয়ে তদন্ত শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন। এই তদন্তের অংশ হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে বিভিন্ন নথি চেয়ে পাঠানো হয়েছে এবং তাকে কংগ্রেসে সাক্ষাৎকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে রাসকিন ট্রাম্প, তার প্রশাসন এবং তার ঘনিষ্ঠদের সঙ্গে ফিফার সকল ধরনের যোগাযোগ, উপহার, অর্থ প্রদান বা সুবিধা-সংক্রান্ত নথি জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এছাড়াও, গত বছর ট্রাম্প টাওয়ারে স্থাপিত ফিফার কার্যালয়ে কারা যাতায়াত করেছেন, সেই ভিজিটর নথিও চাওয়া হয়েছে। ইনফান্তিনোকে লিখিত রেকর্ডের জন্য সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
চলতি বছরের ফিফা বিশ্বকাপকে ঘিরে ইনফান্তিনো ও ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনা শুরু হয়। গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে নতুন প্রবর্তিত ‘ফিফা পিস প্রাইজ’ দেওয়া হয়। ওই অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশাসনের নির্দেশে কেনেডি সেন্টারের সংস্কারকাজ তড়িঘড়ি করে শেষ করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। এর আগে গত জুলাইয়ে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফা তাদের নতুন কার্যালয় চালু করে।
বিশ্বকাপ চলাকালে এই বিতর্ক আরও জোরালো হয়। অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে ট্রাম্প একাধিকবার ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে ফিফা বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও ঘটনাটি ব্যাপক বিতর্কের জন্ম দেয় এবং বিভিন্ন দেশের ফুটবল সংস্থা অসন্তোষ প্রকাশ করে।
স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে ট্রাম্পও উপস্থিত ছিলেন। ইনফান্তিনোর সঙ্গে ভিআইপি বক্সে বসে খেলা দেখার পর মাঠে নামলে দর্শকদের একাংশ তাদের দুজনকে দুয়ো দেয়। রাসকিন তার চিঠিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সেই সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন, যেখানে বৈশ্বিক ফুটবলে দুর্নীতির তদন্তে অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়। এর মধ্যে ২০১৫ সালে ফিফার ২০ জনের বেশি সাবেক শীর্ষ কর্মকর্তা ও ক্রীড়া বিপণন প্রতিষ্ঠানের আইনজীবীদের বিরুদ্ধে আনা অভিযোগও ছিল।
রিপোর্টারের নাম 
























