হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে হামলার প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় নগরীর প্রেসক্লাবের সামনে জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একজন অকৃতজ্ঞ ব্যক্তি। তিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পেছনে যে ছাত্র-জনতার অবস্থান ছিল, তাদের ওপর হামলা হলে তার পদত্যাগ করা উচিত। তারা আরও বলেন, তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হওয়ার পেছনে সারজিস, পাটওয়ারী, নাহিদ ইসলাম ও আখতার হোসেনসহ এসব ছাত্রনেতার বড় অবদান রয়েছে।
বক্তারা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানান এবং এই হামলায় ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেন। তারা দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এনসিপির নেতারা স্পষ্ট করে বলেন, হামলা, ভয়ভীতি বা সন্ত্রাস দিয়ে মানুষের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার দমন করা যাবে না। তারা অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 


















