ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ নিয়েছে। ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মন্তব্য করেছেন যে, শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ এবং ভালো ও জনসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা বাস্তবায়ন সহজ হবে।
মঙ্গলবার মিরপুরে নৌবাহিনীর বিএন কলেজে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশাসক জানান, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং তাদের মাধ্যমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে আজকের এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিকে ক্যাম্পিংয়ের মধ্য দিয়ে প্রতিটি জায়গায় ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সিটি করপোরেশনের দায়িত্ব ও নাগরিক সুবিধাগুলো আরও সহজ করে তোলার ওপর তিনি জোর দেন।
অনুষ্ঠানে প্রশাসক নেভি কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিভা, গান ও নাচের প্রশংসা করেন। তিনি বলেন, চেষ্টা থাকলে সব কিছু সম্ভব। বাংলাদেশ নেভি কলেজের ছাত্র-ছাত্রীদের আইডিয়া নগরের প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় নাগরিকদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে নগরীকে পরিষ্কার করার চেষ্টা করা হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালীতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি শেখানো হয় এবং শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীরসহ স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























