কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আফরান নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে শিশুটি মারা যায়। মৃত আফরান কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আল আমিনের ছেলে। স্বজনদের অভিযোগ, হাসপাতালের নার্স ও চিকিৎসকদের অবহেলার কারণে সঠিক সময়ে প্রয়োজনীয় সেবা পায়নি শিশুটি।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তীব্র জ্বর, ঠান্ডা এবং শরীরে লালচে দাগ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবে পরিবারের পক্ষ থেকে তাকে ঢাকায় নেওয়া হয়নি। হাসপাতালের উপ-পরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ভর্তির সময় থেকেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল এবং সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এদিকে শিশুর বাবা আল আমিনের দাবি, ভোরের দিকে শিশুর অবস্থা সংকটাপন্ন হলে বারবার নার্সদের ডাকা হলেও তারা কোনো সহযোগিতা করেননি। এই অভিযোগের বিষয়ে হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























