রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখল, তার স্ত্রী-সন্তানদের মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সংসদ সদস্য (এমপি) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ তিনজন।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত তাদের এই জামিন মঞ্জুর করেন। এর আগে বুধবার এই তিনজনসহ চারজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী এবং মেরিনা ইরশাদ। বর্তমানে এই মামলায় আশিকুর রহমান ছাড়া অন্য সবাই জামিনে রয়েছেন।
গত বছরের ১৪ সেপ্টেম্বর প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০৬ সালে আরেফিন সামসুল আলমের সঙ্গে মডেল টাউন এলাকায় একটি ছয় তলা ভবন নির্মাণে চুক্তি করেন মাইনুল ইসলাম ও ফারজানা আন্না ইসলাম দম্পতি। ২০০৭ সালে বাড়ি বুঝে পাওয়ার পর ২০০৮ সালে মাইনুল ইসলামের মৃত্যুর পর সামসুল আলম অন্য আসামিদের নিয়ে ফ্ল্যাট দখলের চেষ্টা শুরু করেন। তারা জাল দলিল তৈরি করে বাড়ির দ্বিতীয় তলার সম্পূর্ণ ফ্লোর দখলের চেষ্টা চালান।
মামলার অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। গত ১৪ জুলাই তারা ওই বাড়িতে প্রবেশ করে ফ্ল্যাটগুলোর তালা ভেঙে দখল করার চেষ্টা করেন এবং ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। ফারজানা আন্না ইসলামকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়। গত ২৮ আগস্ট তারা আবারও বাসায় প্রবেশ করে হামলা চালিয়ে বাসার লোকজনকে আহত করেন, ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যান এবং ৫ কোটি টাকা না দিলে ফ্ল্যাটগুলো দখল করে নেওয়ার হুমকি দেন। চলে যাওয়ার সময় তারা বাসার নিচের গ্যারেজ ভাঙচুর করে প্রায় তিন কোটি টাকার ক্ষতি করেন। হামলায় আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
রিপোর্টারের নাম 

























