ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এগারোবারের মতো পেছানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এই মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ১৯ এপ্রিল নতুন তারিখ ধার্য করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে মতিঝিলে নির্বাচনী প্রচারণার পর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
প্রাথমিক তদন্ত শেষে গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি নারাজির আবেদন করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। এরপর থেকেই বারবার পেছানো হচ্ছে প্রতিবেদন দাখিলের তারিখ, যা মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছে।
রিপোর্টারের নাম 





















