আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। কেন্দ্রসচিবদের প্রতি এই নির্দেশনাগুলো অনুসরণ করতে বলা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। অন্যদিকে, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে অংশগ্রহণ করবে।
পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারের ট্রাংকে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা সঠিকভাবে যাচাই করতে হবে। এই যাচাই প্রক্রিয়ার সময় সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্রসচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা অবশ্যই উপস্থিত থাকবেন।
এছাড়াও, প্রশ্নপত্রের দুটি সেট সৃজনশীল এবং বহুনির্বাচনী সেট পরীক্ষার তারিখ অনুসারে আলাদা করে সিকিউরিটি খামে প্যাকেট করতে হবে। যাচাইয়ের দিন সংশ্লিষ্টদের উপস্থিতিতে তারিখভিত্তিক প্রশ্নপত্রের প্যাকেট সাজিয়ে সিকিউরিটি খামের গাম ও কার্টন টেপ দিয়ে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে। সিকিউরিটি খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড এবং সেট কোড স্পষ্টভাবে লিখতে হবে। এই বিষয়ে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্রসচিবের দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে।
পরীক্ষার দিনগুলোতে ট্রেজারি থেকে ওই দিনের প্রশ্নপত্রের সিকিউরিটি খাম (সৃজনশীল দুই সেট ও বহুনির্বাচনী এক সেট) গ্রহণ করতে হবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে ট্যাগ অফিসার ও পুলিশ প্রহরাসহ প্রশ্নপত্রের প্যাকেট কেন্দ্রে আনতে হবে। মোবাইল ফোনে সেট কোডের এসএমএস পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও পুলিশ অফিসারকে প্রদর্শনের পর সেট কোড নিশ্চিত হয়ে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় বোর্ডে জমা দিতে হবে। নির্ধারিত সেট কোডের পরিবর্তে অন্য কোনো সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না।
রিপোর্টারের নাম 





















