সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ড. মো. শাকিরুল ইসলাম খান অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব গ্রহণ করবেন। তার এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।
ড. শাকিরুল ইসলাম খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র ও শিক্ষক। আন্তর্জাতিক মানের বিভিন্ন পিআর রিভিউ জার্নালে তার ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা তার গবেষণার গভীরতা ও শিক্ষাবিদ হিসেবে তার যোগ্যতার প্রমাণ।
উল্লেখ্য, ড. শাকিরুল ইসলাম খান একজন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত। তিনি এর আগে জাপানের ওইতা ইউনিভার্সিটি, এহিমে ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তার মূল দায়িত্ব হবে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি এবং পলিসি সম্পর্কিত কাজগুলো সমন্বয় করা। এছাড়াও, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির তদারকিও করবেন বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 





















