ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত বিনোদনমূলক কনটেন্টগুলোর মধ্যে দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। মুক্তির পর থেকেই চলচ্চিত্রটি বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। বঙ্গ অরিজিনালস প্রযোজিত এই ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান ও জিয়াউল হক পলাশ।
প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে। শাহজাদা মামুনের মূল গল্পে, একটি বিড়াল এবং দুই নিঃসঙ্গ মানুষের মধ্যকার মায়াবী সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কন্টেন্টের কাহিনি। এবারের ঈদের অন্যতম সফল প্রযোজনা হিসেবে এটি আত্মপ্রকাশ করেছে।
জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মানের পরিমিত অভিনয় এবং পোষা প্রাণীর প্রতি মানবিক মমত্ববোধের শৈল্পিক উপস্থাপন দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে। চলচ্চিত্রটির নির্মাণশৈলী এবং মৌলিক ধারণা এটিকে চলতি সময়ের অন্যতম রুচিশীল নির্মাণ হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
এই কন্টেন্টের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গ-এর চিফ অফ কন্টেন্ট, মুশফিকুর রহমান বলেন, ‘লাভ সিটার’ নিয়ে দর্শকদের এমন অভূতপূর্ব সাড়া আমাদের অভিভূত করেছে। আমরা বিশ্বাস করতাম যে, গল্পের সহজ ও মানবিক আবেদন দর্শকদের স্পর্শ করবে। তবে মুক্তির পর থেকে যে পরিমাণ ইতিবাচক প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, তা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। নাগরিক একাকিত্বের সঙ্গে একটি অবলা প্রাণীর যে আত্মিক সেতুবন্ধন এখানে তুলে ধরা হয়েছে, তা দর্শক খুব আপন করে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন শিল্পের বোদ্ধা মহলের প্রশংসা প্রমাণ করে যে, দর্শক এখন গতানুগতিক ধারার বাইরে ভিন্নধর্মী ও জীবনঘনিষ্ঠ বিনোদন পেতে আগ্রহী। বঙ্গ সবসময়ই গুণগত মানের কন্টেন্ট উপহার দেওয়ার এই ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
রিপোর্টারের নাম 

























